আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের দরজা খোলা রেখেছিল ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে শেষ ম্যাচে বড় হার এড়ানো প্রয়োজন ছিল তাদের। নেদারল্যান্ডসের বিপক্ষে সেটি করেছে দলটি। তাতে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার টিকিটও কেটেছে ইতালি।
বাছাইয়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৩৪ রান তোলে দলটি। জবাবে ১৬.২ ওভারে জয় নিশ্চিত করে ডাচবাহিনী। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। দ্বিতীয় দল হিসেবে মূলপর্বের টিকেট পেয়েছে ইতালি। যেকোনো বিশ্বকাপে ইতালির প্রথম অংশগ্রহণ হবে এটি।
পাঁচ দলের বাছাইয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। দুইয়ে থাকা ইতালির ঝুলিতে ৫ পয়েন্ট। সমান পয়েন্ট তিনে থাকা জার্সিরও। তবে রানরেটে এগিয়ে জার্সির (০.৩০৬) স্বপ্ন ভেঙে মূলপর্বে খেলা নিশ্চিত করে ইতালি (০.৬১২)।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় গড়াতে চলা ২০ দলের টি-টুয়েন্টি বিশ্বকাপে ১৪ ও ১৫তম দল নেদারল্যান্ডস ও ইতালি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে আসবে আরও দুই দল। আর শেষ তিনটি জায়গার জন্য অক্টোবরে লড়বে ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের দলগুলো।







