বাংলাদেশ রাষ্ট্র গঠনে প্রবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও অর্থনৈতিক অবদানকে মূল্যায়ন করে তাদের যথাযথ মর্যাদার আসনে বসাতে হবে।
সৌদি আরবের মক্কার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আগত রাষ্ট্রদূত আনসারী বলেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত মেধাবী প্রবাসীদের বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর পরিচালক পদে, বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে এবং সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন পদে প্রবাসী মেধাবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।
প্রবাসীদের ভোটাধিকার, রাজনৈতিক অংশগ্রহণ ও ন্যায্য হিস্যার বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত বলেন, আমিও একজন প্রবাসী। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার যেন প্রবাসীদের মূল্যায়ন করে এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগায়, সে বিষয়ে আমরা কাজ করছি।
তিনি বলেন, প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠাচ্ছেন, সেই রেমিট্যান্সে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের সম্মান ও অংশীদারিত্ব নিশ্চিত করা সময়ের দাবি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মক্কা বাংলাদেশ কমিউনিটির নেতা এম জহির, মোহাম্মদ শাহাবুদ্দিন, কামাল খান, আমিন তালুকদার, বেলাল উদ্দিন, সাংবাদিক নেতা এম ওয়াই আলাউদ্দিন, সাজিদুল ইসলাম, সেলিম আহমেদসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ।








