বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একমাত্র বিএনপি সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন সেটা দেশবাসী বিগত বছরগুলোতে উপলব্ধি করেছে।
শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন তিনি।
তিনি বলেন, দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ফারাক্কা ইস্যুসহ দেশের পানি অধিকার নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় ইমেরিটাস প্রফেসর ও পানিসম্পদ এবং জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, ফারাক্কা বাঁধ ও গঙ্গা ব্যারেজ এক বিষয় নয়। এ নিয়ে বিভ্রান্তিকর বা ভুল সংবাদ প্রচার না করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গঙ্গা নদী দিয়ে বাংলাদেশে যে পানি আসে, সেই পানি বণ্টন চুক্তির মেয়াদ শিগগিরই শেষ হবে। ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে পারলে বিদেশি অর্থায়ন আসার সুযোগ তৈরি হবে।
ড. আইনুন নিশাত আরও বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক কোনো সংস্থাই এ বিষয়ে সহযোগিতা করবে না। তাই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের প্রয়োজনীয় স্বার্থ আদায় করতে হবে।








