রাজনীতি

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমিন

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমিন

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত সৌজন্যতা ও পারস্পরিক সম্মানবোধ বজায় রাখার এ উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া হাতে শহরের হাজিপাড়ায় বৈশাখির মোড়ে দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমিন। এ সময় তাকে স্বাগত জানান দেলাওয়ার হোসেন। পরে তারা একসঙ্গে বসে কুশল বিনিময় করেন।

সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন আগামীর ঠাকুরগাঁও গড়তে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন। এলাকার স্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণার পর তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

নির্বাচনের আগে দুই প্রার্থী নিজ নিজ দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের কাছে সমর্থন চেয়েছেন। তবে ভোটের ফল প্রকাশের পরদিনই বিজয়ী প্রার্থীর প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিষয়:১১ দলীয় জোট জামায়াত প্রার্থী ঠাকুরগাঁও-১ দেলাওয়ার হোসেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…