‘নাজা’কে যে কারণে বিকৃত বলছে ইসরায়েলি সেনাবাহিনী

বহুল আলোচিত ডকুফিল্ম ‘নাজা’-কে বিকৃত বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতি তারা বলছে, গাজা উপত্যকায় তাদের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নকে বিকৃত ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমায়।
চলচ্চিত্রটির পরিচালক ইউভাল আব্রাহাম ও র্যাচেল জো নির্মিত এই ছবির বিষয়ে এটিই ইসরায়েলি সামরিক বাহিনীর প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, চলচ্চিত্রটির বর্ণনায় উল্লেখযোগ্য কিছু তথ্যগত ভুল রয়েছে। তাদের দাবি, তথ্যকে কারসাজির মাধ্যমে উপস্থাপনের কারণেই এসব ভুল তৈরি হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্বাধীনভাবে হামলার লক্ষ্যবস্তু নির্বাচন করে না। তাদের দাবি, অনুমোদিত গোয়েন্দা কর্মকর্তারাই লক্ষ্যবস্তু নির্ধারণ করেন এবং হামলা চালানোর সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট সামরিক কমান্ডাররা।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, চলচ্চিত্রে সাক্ষাৎকার দেওয়া সাবেক গোয়েন্দা কর্মকর্তারা গোয়েন্দা কার্যক্রমের সীমিত ও প্রাথমিক পর্যায় নিয়ে কথা বলেছেন। হামলার লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা ও অনুমোদনের পুরো প্রক্রিয়া তাদের বক্তব্যে উঠে আসেনি।
এদিকে, দ্য গার্ডিয়ান-এর প্রযোজনায় নির্মিত ‘নাজা’ চলচ্চিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। পুরস্কার ঘোষণার আগে প্রায় ২৫ মিনিট ধরে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন পায় চলচ্চিত্রটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালক ইউভাল আব্রাহাম দাবি করেন, ইসরায়েলে চলচ্চিত্রটিকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি এতে তুলে ধরা তথ্যের প্রচার ঠেকানোর চেষ্টা করা হয়েছে।
চলচ্চিত্রে বলা হয়েছে, ‘নাজা’ শব্দটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের ব্যবহৃত একটি সংক্ষিপ্ত রূপ। বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক হতাহতের সংখ্যা বোঝাতে এটি ব্যবহার করা হয় বলে চলচ্চিত্রে দাবি করা হয়েছে।
প্রায় তিন বছর ধরে তেল আবিবের বিভিন্ন ছাদে গোপনে চলচ্চিত্রটির শুটিং করা হয়। অংশগ্রহণকারীদের পরিচয় গোপন রাখতে তাদের কণ্ঠস্বর ও চেহারায় ডিজিটাল পরিবর্তন আনা হয়েছে।
চলচ্চিত্রে অংশ নেওয়া ব্যক্তিরা ইসরায়েলি হামলায় ব্যবহৃত নজরদারি ব্যবস্থা এবং দূরপাল্লার বোমা হামলার বিভিন্ন দিক তুলে ধরেছেন। চলচ্চিত্রটির দাবি, সাক্ষাৎকার দেওয়া কয়েকজন একটি গোপন গোয়েন্দা ইউনিটে কাজ করতেন, যারা সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে প্রতিবেদন দিতেন। ইউআনিউজ
আরো পড়ুন:






