যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান একটি নতুন ও সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে এমন দাবি সম্বলিত গোয়েন্দা তথ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছে ইসরায়েল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করছে। তবে ইসরায়েলের দেওয়া সর্বশেষ গোয়েন্দা তথ্যটি নতুন এবং এতে একটি নির্দিষ্ট পদ্ধতিতে হত্যাচক্রান্তের উল্লেখ রয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন। একই ধরনের তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সরবরাহ করা গোয়েন্দা তথ্যে ট্রাম্পকে হত্যার একটি নতুন পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে।
২০২০ সালের জানুয়ারিতে নিজের প্রথম মেয়াদে ইরানের প্রভাবশালী সামরিক কর্মকর্তা কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই তেহরান তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে। এই বিষয়ে এএফপি হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাইলে এক কর্মকর্তা ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের দিকে ইঙ্গিত করেন।
ন্যাটো সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, অর্থাৎ আমাকে হত্যা করতে চায়। আমি তাদের তালিকায় আছি। আজ সকালে দেখলাম, তাদের প্রায় সব তালিকাতেই আমার নাম রয়েছে।
এদিকে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় ট্রাম্প প্রথমে পুরোনো এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করেন। কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন বিমানটি আগেই যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। পরে যুক্তরাজ্যে গিয়ে তিনি সেই নতুন বিমানে চড়ে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন।
ট্রাম্পের এই বিমান পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর অনেকেই ধারণা করেন, নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের ভৌগোলিক অবস্থান ইরানের সীমান্তের কাছাকাছি হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের অনুরোধেই নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেলেও ট্রাম্প ইঙ্গিত দেন, অতীতেও ইরানের পক্ষ থেকে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।






