বাংলাদেশে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে এসে বেশ উপভোগ করছে আয়ারল্যান্ড মেয়েদের দল। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও ঢাকায় বেশ খোশ মেজাজে ছিল অতিথিরা। সিলেটে গিয়েও ভালো লাগছে তাদের, বলছেন অধিনায়ক গ্যাবি লুইস। ওয়ানডে সিরিজে হার থেকে বেরিয়ে অবশ্য টি-টুয়েন্টিতে ভালো করার জন্য আত্মবিশ্বাসী সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের আগেরদিন শিরোপা উন্মোচনে দারুণ এক চমক দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটের চা বাগানে শিরোপা হাতে ছবি তুলেছেন দুই অধিনায়ক।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গ্যাবি লুইস বললেন, ‘বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে বেশ মুখিয়ে আছি। ওয়ানডে সিরিজ নিয়ে গত সপ্তাহে আমাদের বেশ কঠিন সময় গেছে। এখন আমরা টি-টুয়েন্টি সিরিজের দিকে মনোযোগ দিয়েছি। এ সংস্করণে আমরা ভালো করব, সে ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। হ্যাঁ, ওয়ানডে সিরিজ থেকে আমরা শিক্ষা নিয়েছি, ম্যানেজমেন্ট থেকেও ইতিবাচক বার্তা রয়েছে আমাদের কাছে।’

সিলেট এবং চা বাগানে ছবি তোলা সংক্রান্ত প্রশ্নে আইরিশ অধিনায়ক বললেন, ‘ভালো, বাংলাদেশের আরেকটি অংশ দেখতে পেরে ভালো লাগছে। আমরা ঢাকাতে সত্যিই অনেক উপভোগ করেছি। রিক্সায় উঠে আমাদের বেশ ভালো লেগেছিল, আমরা মজা করেছিলাম। দেখা যাক এখানকার পরিবেশ কেমন হয়।’
সিলেটের পিচ সম্পর্কে লুইস বললেন, ‘পিচ অনেক সবুজ দেখেছি। ঢাকার থেকে এখান পিচ বেশ ভালো হবে বলে আমরা আশা করছি। আমাদের বেঞ্চের খেলোয়াড়ও বেশ ভালো রয়েছে এবং সাফল্য পেতে আমাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমরা আশাবাদী, সিরিজ জিততে চাই।’







