মালয়েশিয়ায় চলা মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড মেয়েদের হারিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা। আসরে দলটির প্রথম জয় এসেছে ৯ উইকেট ও ৬৩ বল হাতে রেখে। ৩ উইকেট ও দুই ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ইসানি ভাঘেলা।
জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠল যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দলটির পয়েন্ট দাঁড়িয়েছে ৩, নেট রানরেটে গ্রুপের শীর্ষে তারা। সমান ৩ পয়েন্টে নেট রানরেটে পিছিয়ে দুইয়ে ইংল্যান্ড।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৫ রান তোলে আইরিশ মেয়েরা। সর্বোচ্চ ১৬ রান আসে ওপেনার অ্যালিস ওয়ালশ থেকে, ১৩ রান করেন লরা ম্যাকব্রাইড ও অ্যাবি হ্যারিসন। ইসানি ভাগেলার ৩টির পর ২টি করে উইকেট নিয়েছেন আদিতীবা, রিতু সিং এবং চেতনা প্রসাদ।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দিশা ঢিংগ্রার ৪৬ রানের সুবাদে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় যুক্তরাষ্ট্র। চেতনা পাগ্যদিয়ালা করেন ২৩ রান। আয়ারল্যান্ডের একমাত্র উইকেটটি নেন লরা ম্যাকব্রাইড।







