৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক। আন্ত মহাদেশীয় বাছাইয়ে আয়মান হুসেইনের গোলে বলিভিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে চলা মহাযজ্ঞে নাম লিখিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। বিশ্বকাপের দেশে পৌঁছে বিপত্তিতে পড়েছেন ইরাকের ইতিহাস গড়ে দেয়া সেই নায়কই। মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আয়োজক ডেরায় প্রবেশ করতে দেয়া হয়েছে আয়মানকে।
ইরাকের স্ট্রাইকার আয়মান শনিবার ভোরে দলের সাথে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে পৌঁছান। এরপর প্রায় ৭ ঘণ্টা তাকে ধরে রেখে জিজ্ঞাসাবাদ করেন মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা, বিষয়টি নিশ্চিত করেছেন একজন ইরাকি ক্রীড়া কর্মকর্তা। ইরাকি অলিম্পিক কমিটিতে কর্মরত দলটির সাথে ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান, হুসেইনকে প্রবেশের অনুমতি দেয়া হলেও দলের ফটোগ্রাফারকে যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দেয়া হয়েছে।
যদিও হুসেনের পক্ষ থেকে এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি। ইরাকের গণমাধ্যমে প্রচারিত হওয়া জিজ্ঞাসাবাদের বিষয়ে মন্তব্য জানতে পাঠানো বার্তার তাৎক্ষণিক কোন জবাব দেয়নি মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
ইরাকি এক কর্মকর্তা জানান, হুসেইন আসার পর ফোন খতিয়ে দেখেন ইমিগ্রেশন কর্মকর্তারা। জাতীয় দলের ফটোগ্রাফার তালাল সালাহকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আটক রাখা হয়েছিল। তার ফোনও একইভাবে তল্লাশি করা হয় এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হয়নি।
৪০ বছর আগে অভিষেকের পর এই প্রথম বিশ্বকাপে ফিরল ইরাক। ‘আই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। ১৭ জুন ভোর ৪টায় নরওয়ের বিপক্ষে যাত্রা শুরু করবে দেশটি।







