কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বৃহস্পতিবার ১৮ জুন টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে।
সংবাদমাধ্যম কাতার ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক উত্তেজনা প্রশমণে কাতারের আমিরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, আমির শেখ তামিম সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) উপলক্ষে ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অবদান রাখবে।
এ সময় কাতারের আমির বিরোধ নিষ্পত্তি, কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তা বজায় রাখতে কাতারের দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।







