চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনা করেছে ইরান ও সৌদি আরব। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব নিয়ে টেলিফোন আলোচনা করেন।
এনডিটিভি জানিয়েছে, রাইসি এবং সৌদি যুবরাজ এই সময় ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেন।
সৌদি যুবরাজ এ সময় বলেছেন, তার রাজ্য চলমান উত্তেজনা বন্ধ করার জন্য সমস্ত আন্তর্জাতিক এবং আঞ্চলিক পক্ষের সাথে যোগাযোগের জন্য সম্ভাব্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো যে কোন মূল্যে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানানো বন্ধ করা এবং সাধারণ মানুষের প্রাণহানি থামানো।
গত ৭ অক্টোবর ইসরায়েলে নতুন করে রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরপরই দেশটির মূল ভূখণ্ডে প্রবেশ করে সংগঠনটির যোদ্ধারা। প্রতিক্রিয়া জানাতে শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। পুরোদমে শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ।








