ইরানের সঙ্গে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইরান ও রাশিয়া ওমান সাগরে হরমুজ প্রণালী আংশিক বন্ধ করে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে। যা আঞ্চলিক একতরফা পদক্ষেপ প্রতিরোধের বার্তা হিসেবে বর্ণনা করেছে।
আল জাজিরা জানিয়েছে, ওমান সাগরে নতুন যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়ে ইরান জানিয়েছে, এটি আঞ্চলিক দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা। রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসুদলু বলেন, মহড়ার উদ্দেশ্য সমুদ্র নিরাপত্তা জোরদার ও বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করা।
ইরান চুক্তিতে পৌঁছানোই বুদ্ধিমানের কাজ হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনও দূরে রয়েছে বলে জানান তিনি।
কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুক্তরাষ্ট্র ইরানসংলগ্ন অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ দুটি ক্যারিয়ার গ্রুপ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে সামরিক মহড়া চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে সম্ভাব্য হামলা প্রতিরোধে ভারত মহাসাগরীয় ঘাঁটি ব্যবহার করা হতে পারে।







