ভারত-পাকিস্তান সংঘাতের পর বিরতি কাটিয়ে শুরু হওয়া আইপিএলে অনেকটা নতুন করেই দল সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস। কখনও শিরোপার দেখা না পাওয়া দলটি চলতি মৌসুমে শুরু থেকে ছিল ছন্দে। আসরের মাঝপথে এসে খেই হারানোর পর শেষে এসে খানিকটা বিপাকে পড়েছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে বলতে গেলে খাদের কিনারায় চলে গেছে মোস্তাফিজুর রহমানদের দিল্লি।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার রাতে মোস্তাফিজুর রহমানদের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে গুজরাট। জয়ে প্লে অফ নিশ্চিত হয়েছে তাদের, সঙ্গে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও টিকিট পেয়েছে পরের রাউন্ডের। প্লে-অফে এখন আর একটি জায়গা খালি।
সেই এক জায়গার জন্য লড়ছে তিন দল। দিল্লির সঙ্গে দৌড়ে আছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে জায়গা করে নিতে তাদের উপর নির্ভর করতে হচ্ছে দিল্লিকে।
প্রথমত নিজেদের বাকি থাকা দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় দরকার দিল্লির। সঙ্গে লক্ষ্ণৌ যেন নিজেদের বাকি থাকা ৩ ম্যাচে অন্তত একটিতে হারে, সেটাও দরকার তাদের। এক্ষেত্রে দিল্লি পাবে ১৭ পয়েন্ট। মুম্বাই ইন্ডিয়ান্স পরে পাঞ্জাবকে হারালেও আটকে থাকবে ১৬ পয়েন্টে।
এক ম্যাচ জিতেও প্লে-অফে যেতে পারে বর্তমানে পঞ্চম স্থানে থাকা দিল্লি। সেজন্য পরিস্থিতি খানিক জটিলও।
এই অবস্থায় দিল্লির ঝুলিতে থাকবে ১৫ পয়েন্ট। মুম্বাইয়ের অর্জন হবে ১৪ পয়েন্ট। আর লক্ষ্ণৌ আটকে থাকবে ১৪ কিংবা এর কমে। তবে সবকিছু নির্ভর করবে ২১ তারিখের ম্যাচের উপর। সেদিন মুম্বাইয়ের মাঠে স্বাগতিকদের হারাতেই হবে দিল্লির। ওই ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই মোস্তাফিজের দলের।








