টি-টুয়েন্টি বিশ্বকাপের দল আগেই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও জেক ফ্রেজার ম্যাকগার্কের দলে থাকা না থাকা নিয়ে বেশ আলোচনাও হয়েছে। অবশেষে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা বিশ্বকাপে যাচ্ছেন ফ্রেজার-ম্যাকগার্ক। সঙ্গে আছেন ম্যাথু শর্টও। তবে দুজনই ভ্রমণ রিজার্ভ খেলোয়াড় হিসেবে যাবেন।
আইপিএলে চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়িয়েছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক। ৯ ম্যাচে রান করেছেন ৩৩০, স্ট্রাইক রেট ২৩৪। ফিফটি হাঁকিয়েছেন চারটি, যার দুটিই এসেছে ১৫ বলে। দিল্লির আইপিএল অভিযান শেষ হওয়ায় ফ্রেজার-ম্যাকগার্ক ইতিমধ্যে দেশে ফিরেছেন।
অজিদের টপ-অর্ডারে থাকা ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শের মতো তারকা ক্রিকেটারদের জন্যই ২২ বর্ষী ফ্রেজার-ম্যাকগার্ককে ১৫ সদস্যের দলে রাখা হয়নি। তবে টুর্নামেন্টের মাঝে এই তিনজনের কেউ চোটে পড়লে দলে এই তরুণ জায়গা পেতে পারেন।
অন্যদিকে, ব্যাটিং অলরাউন্ডার ম্যাথু শর্ট অস্ট্রেলিয়ার সবশেষ ১৪ টি-টুয়েন্টি ম্যাচের ৯টিতেই খেলেছিলেন। যার মধ্যে পাঁচটিতে ওপেন করেছিলেন। বিগ ব্যাশে দুর্দান্ত খেলেছিলেন। পরপর দুবার হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।
আগামী ৬ জুন ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে মাঠের লড়াই। ‘বি’ গ্রুপে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অন্য তিন প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।







