ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল গুজরাট টাইটান্স। এরপর বল হাতে দারুণ করেছন প্রষিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আসরে নিজেদের সপ্তম জয় তুলে নিয়েছে গুজরাট। ১৪ পয়েন্ট নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ঠেলে দুইয়ে জায়গা করে নিয়েছে শুভমন গিলের দল। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তিনে বেঙ্গালুৃরু। রানরেটে এগিয়ে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স।
আহমেদাবাদে টসে হেরে আগে ব্যাটে নামে গুজরাট। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ২২৪ রান তোলে স্বাগতিক দলটি। জবাবে নেমে ৬ উইকেটে ১৮৬ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ৩৮ রানে জয় পায় গিলের দল
গুজরাটের হয়ে গিল ৭৬ রান করেন ৩৮ বলে। ৩৭ বলে ৬৪ রান করেন জশ বাটলার। এছাড়া সাই সুদর্শন করেন ২৩ বলে ৪৮ রান।
হায়দরাবাদের হয়ে জয়দেব উনদকাট ৩ উইকেট নেন। প্যাট কামিন্স ও জিসান আনসারি নেন একটি করে উইকেট।
জবাবে নেমে অভিষেক শর্মা ৪১ বলে ৭৪ রান করেন। এছাড়া হেইনরিখ ক্লাসেন ১৮ বলে ২৩, নিতিশ কুমার রেড্ডি ১০ বলে ২১ এবং ট্রাভিস হেড ১৬ বলে ২০ রান করেন।
বল হাতে প্রষিধ কৃষ্ণা ১৯ রানে দুই উইকেট নেন। সিরাজও নেন দুটি উইকেট। ইশান্ত শর্মা ও জেরাল্ড কোয়েটজি নেন একটি করে উইকেট।








