ধুঁকতে থাকা রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল রিয়ান পরাগ ঝলকে। তার ৪৫ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংসে ১৮৫ রান তোলে রাজস্থান। পরের কাজটা করে দিয়েছেন নান্দ্রে বার্গার ও যুজবেন্দ্র চাহালরা। দিল্লি ক্যাপিটালসকে আটকিয়েছে ১৭৩ রানে। ১২ রানে রিশভ পান্টদের হারিয়ে টানা দ্বিতীয় জয় দেখল সাঞ্জু স্যামসনের দল।
জয়পুরে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় দিল্লি। ব্যাটে নেমে ৩৬ রানে তিন টপঅর্ডারকে হারিয়ে চাপে পড়ে রাজস্থান। সেখান থেকে হাল ধরেন পরাগ। প্রথমে অশ্বিন পরে ধ্রুব জুরেল ও সিমরন হেটম্যারকে নিয়ে রাজস্থানকে স্বস্তির সংগ্রহ এনে দেন। ৫ উইকেটে ১৮৫ রানে থামে স্বাগতিক দল। সাতটি চার ও ছয় ছক্কায় ৪৫ বলে করেন ৮৪ রান। অশ্বিন ১৯ বলে ২৯, জুরেল ১২ বলে ২০ এবং হেটম্যার ৭ বলে ১৪ রান করেন।
জবাবে নেমে ৩০ রানে দুই টপঅর্ডারের দুইকে হারায় দিল্লি। ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে রাখলেও ৯৭ রানে ফিরে যান। তার আগে পাঁচটি চার ও তিন ছক্কায় করেন ৩৪ বলে ৪৯ রান।
রিশভ পান্ট রান পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ২৬ বলে ২৮ রান করে ফিরে যান। শেষের দিকে ত্রিস্টান স্টাভস ঝড় তুললেও দলকে জেতাতে ব্যর্থ হন। দুটি চার ও তিন ছক্কায় ২৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন।
রাজস্থানের হয়ে নান্দ্রে বার্গার ৩ ওভারে ২৯ রান খরচায় দুটি এবং ৩ ওভারে ১৯ রান খরচায় দুই উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।







