ঢাকায় এশিয়ার তরুণদের নিয়ে শান্তিপূর্ণ রসায়ন ব্যবহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত
এশিয়ার তরুণদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাগার ও শিল্পখাতে দায়িত্বশীল রসায়ন চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার ৬ অক্টোবর রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম অন পিসফুল ইউজেস অব কেমিস্ট্রি ফর ইউথ-২০২৬’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এবং বাংলাদেশ ন্যাশনাল অথরিটি, কেমিক্যাল ওয়েপনস কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রশিক্ষণটি।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশের ১৭ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তাদের প্রশিক্ষণ দিতে দেশি-বিদেশি পাঁচজন প্রশিক্ষকও অংশ নিয়েছেন।
কর্মশালাটির মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও রাসায়নিক শিল্পখাতে দায়িত্বশীল বিজ্ঞান চর্চার সংস্কৃতি গড়ে তোলা। একই সঙ্গে তরুণদের মধ্যে রসায়নের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






