কিছুদিন ধরে পায়ের পেশীর ক্লান্তিতে ভুগছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ প্রস্তুতির জন্য হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নামেননি। আসর গড়ানোর আগেরদিন শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে নামবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ২০২৬ বিশ্বকাপের আগে বুধবার সকালে আলাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে মেসি খেলবেন। বলেছেন, ‘মেসি খেলবে, তবে কত মিনিট খেলবে তা জানি না। আজকের অনুশীলনে তার সাথে আমার কথা বলতে হবে। যেকোনো ঝুঁকি এড়াতে সে কত মিনিট খেলে তা আমরা দেখব। আমরা সিদ্ধান্ত নেব, তবে নীতিগতভাবে সে খেলবে।’
৬ জুন হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি বেঞ্চে থেকে খেলা উপভোগ করেছেন। ম্যাচের আগে টেক্সাসের কলেজ স্টেশনে ওয়ার্ম-আপে অংশ নিয়েছিলেন। বাম হ্যামস্ট্রিংয়ে পেশী ক্লান্তির কারণে বিশ্বকাপ বিরতির আগে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মিয়ামির শেষ ম্যাচে তিনি ৭৩তম মিনিটে উঠে যান। সেসময় মিয়ামি জানিয়েছিল, অস্বস্তির বোধের কারণে মাঠ ছেড়েছেন মেসি। পরে দল তার পেশীর ক্লান্তির বিষয়টি জানায়।
বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেছে, ‘যেকোনো অঘটন এড়ানোর চেষ্টায়, আমরা ম্যাচে যারা খেলবে, তাদের খেলার সময় বন্টন করে দেব।’ স্কালোনি বলেছেন, আইসল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলার জন্য নিকো পাজ , নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্তিয়েল প্রস্তুত আছেন। বিভিন্ন ধরনের চোটে এ তিনজন আলাদাভাবে অনুশীলন করছিলেন।
আগামী ১৭ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে। ম্যাচ বাংলাদেশ সময় সকাল ৭টায় গড়াবে। আলবিসেলেস্তেরা বুধবার অ্যালাবামার অবার্নে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে। ম্যাচ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৭টায় শুরু হবে।







