মেজর লিগ সকারের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ইন্টার মিয়ামি। ঘরের মাঠে রিয়েল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।
ফ্লোরিডার ফোর্ট লডারডেলে বাংলাদেশ সময় সকালে ম্যাচটিতে মেসি নিজে গোল পাননি। তবে দলকে লিড পাইয়ে দিতে রাখেন ভূমিকা। আর্জেন্টাইন মহাতারকার পাসে বল পেয়ে ৩৯ মিনিটে ডানপায়ে লক্ষ্যভেদ করেন রবার্ট টেলর। ৮৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ থেকে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে বল আদায় করে ব্যবধান দ্বিগুণ করেন ডিয়েগো গোমেজ।
গত মৌসুমে ইন্টার মিয়ামির জার্সিতে ১৪ ম্যাচে ১১ গোল করেছিলেন মেসি। এলএম টেন তার পারফরম্যান্স দিয়ে সেবার দলকে প্রথমবারের মতো লিগ কাপ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন।
চোটের কারণে গত বছর বিশ্বকাপ জয়ী ফুটবলার মেজর লিগ সকারে ছয়টির বেশি ম্যাচ খেলতে পারেননি। জালের দেখা পেয়েছিলেন একবার। যদিও তাকে ঘিরে উন্মাদনা কমছে না। ১০ নম্বর জার্সি কেনার জন্য ভক্তদের লম্বা লাইন চোখে পড়ছে।







