আন্তর্জাতিক

ইরানের তেল নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, মার্কিন নিষেধাজ্ঞায় চণ্ডীগড়ের দম্পতি

ইরানের তেল নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা, মার্কিন নিষেধাজ্ঞায় চণ্ডীগড়ের দম্পতি

ছবি: সংগৃহীত

ইরানের তেলবাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ভারতের চণ্ডীগড়ভিত্তিক এক দম্পতি এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন। ভুয়া পতাকা নিবন্ধন ও সামুদ্রিক সনদ সরবরাহের মাধ্যমে ইরানের তেল পরিবহনকারী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোকে সহায়তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের তেল বিক্রি বন্ধ করে দেশটির যুদ্ধের অর্থায়নের সক্ষমতা কমাতে ট্রাম্প প্রশাসনের নেওয়া ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ কর্মসূচির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ভারতীয় নাগরিক সুনীল কুমার শর্মা ও তার স্ত্রী জাসপ্রিত প্রীতি শাহিদ। এ ছাড়া তাদের দুটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আরও দুই ভারতীয় নাগরিক এবং শর্মার সঙ্গে সংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠানকেও তালিকাভুক্ত করা হয়েছে।

মার্কিন অভিযোগ অনুযায়ী, শর্মা ও তার স্ত্রী গায়ানা, এসওয়াতিনি ও লাওসসহ বিভিন্ন দেশের প্রতিনিধি পরিচয়ে জাহাজের জন্য ভুয়া পতাকা নিবন্ধন ও সামুদ্রিক সনদ সরবরাহ করতেন। এসব নথি ব্যবহার করে ইরানের সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের হয়ে তেল পরিবহনকারী জাহাজগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে পারত।

এ উদ্দেশ্যে শর্মার নেটওয়ার্ক একাধিক ওয়েবসাইট তৈরি করেছিল। সেখানে জাহাজ নিবন্ধন, নাবিকদের প্রশিক্ষণ ও সনদ প্রদান এবং জাহাজের শ্রেণিবিন্যাসের মতো সেবা দেওয়ার দাবি করা হতো। ভারতভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানকেও এ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ভুয়া পতাকা ও সনদ ব্যবহারকারী জাহাজগুলো নিরাপত্তা ও পরিবেশগত বিধিনিষেধ এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত বিমা সুরক্ষা ছাড়াই চলাচল করে। ফলে দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

এদিকে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেটেডের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। প্রতিষ্ঠানটি ইরানের নিষেধাজ্ঞাভুক্ত ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইনস, তাবান এয়ারলাইনস ও আতা এয়ারলাইনসকে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, স্থল, সমুদ্র ও আকাশপথে ইরান সরকারকে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সরকারকে সহায়তা অব্যাহত রাখলে বিশ্বের যেকোনো প্রান্তের ব্যক্তি বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার মুখে পড়বে।

গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে আবারও অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির তেল বিক্রির ওপর চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:ইরানের তেলবাণিজ্য চণ্ডীগড়ের দম্পতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…