বিশ্বকাপের বাকি ২৮ দিন, ভালো মতোই ঝালিয়ে নিচ্ছেন লিওনেল মেসি। দুবার পিছিয়ে পড়া ম্যাচে ইন্টার মিয়ামিকে টেনে তুলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। মেজর লিগ সকারে মেসির জোড়া গোল এবং এক অ্যাসিস্টে সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
বৃহস্পতিবার সকালে সিনসিনাটির মাঠে ২৪তম মিনিটে স্বাগতিকদের ভুল পাসে বল পান মেসি, লিড এনে দেন দলকে। ৪১ মিনিটে পেনাল্টি পায় সিনসিনাটি, ব্যবধান সমান করেন কেভিন ডেনকি। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
ম্যাচের ৪৯ মিনিটে পাভেল বুচারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৫ মিনিটে মিয়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। তবে লিড পেতে অপেক্ষা করতে হয়নি সিনসিটিকে, ৬৪ মিনিটে এভান্ডারের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ম্যাচের বাকি যখন ১১ মিনিট, ফের মিয়ামিকে রক্ষা করেন মেসি, এবার গোল করে নয় বরং অ্যাসিস্টে। আর্জেন্টাইন অধিনায়কের সাহায্যে জালের দেখা পান মাতেও সিলভেত্তি। ৩-৩ সমতায় ফেরে গত আসরের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮৪ মিনিটে মিয়ামিকে লিড এনে দেন জার্মান বেরতেরামে। ৮৯তম মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পান মেসি, পোস্ট বরাবর শট করলেও সেটি বারে লেগে ফিরে আসে, এবং প্রতিপক্ষ দলের গোলরক্ষকের গায় লেগে বল জালেও জড়ায়। সেসময় মেসির করা গোল হিসেবে গণনা করা হলেও পরে উল্লেখ করা হয় গোলটি সিনসিনাটির গোলরক্ষক রোমান সেলেন্তানোর দ্বারা হয়েছে।
১৩ ম্যাচ শেষে ৭ জয়, ৪ ড্র ও ২ হারে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে মিয়ামি। এক ম্যাচ কম খেলে ৮ জয়, ৩ ড্র এবং ১ হারে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল। সমান ম্যাচে ৭ জয়ের বিপরীতে ১ ড্র ও ৪ হারে ২২ পয়েন্টে তিনে আছে নিউ ইংল্যান্ড রেভুল্যশন।








