জনপদ

প্রেমের টানে ভারত থেকে বরিশাল, ১৭ বছরের কিশোরীকে বিয়ে

প্রেমের টানে ভারত থেকে বরিশাল, ১৭ বছরের কিশোরীকে বিয়ে

প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামে এক তরুণ। পরে পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বরিশালের গৌরনদীর পশ্চিম চন্দ্রহার গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ফাইজান। পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মাহি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে প্রায় দেড় বছর আগে ফাইজানের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাইজানও জানান, স্ত্রীর সঙ্গে বাকি জীবন বাংলাদেশে কাটাতে চান তিনি।

এদিকে ১৭ বছর বয়সী কিশোরীর সঙ্গে বিদেশি তরুণের বিয়ে এবং নোটারির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেয়েটির বয়স ১৮ বছরের কম হওয়ায় বিয়ের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা বিয়ের আনুষ্ঠানিকতার আইনগত অবস্থান নিয়েও আলোচনা চলছে।

বিষয়:গৌরনদী মডেল থানা বরিশাল ভারতীয় তরুণ মাহি আক্তার সোরঠিয়া ফাইজানশাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…