আন্তর্জাতিক

অনলাইনে কিশোরীদের ব্ল্যাকমেইল, ভারতীয় যুবকের ৩০ বছর জেল

অনলাইনে কিশোরীদের ব্ল্যাকমেইল, ভারতীয় যুবকের ৩০ বছর জেল

ছবি: সংগৃহীত

অনলাইনে কিশোরীদের যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের দায়ে যুক্তরাজ্যে ২৭ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে প্রতারণা করে আপত্তিকর ছবি ও ভিডিও আদায় এবং সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে তার এ সাজা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের চেস্টার ক্রাউন কোর্ট বিলাল কাজীর সাজা ঘোষণা করে।

আদালতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে ১০ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন বিলাল। একপর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করতেন। পরে তার দাবি পূরণে অস্বীকৃতি জানালে আগে পাঠানো ছবি ও ভিডিও অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব বলেন, বিলাল অত্যন্ত নির্মমভাবে বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ক ও অসহায় কিশোরীকে প্রলুব্ধ, নিয়ন্ত্রণ ও যৌন নিপীড়ন করেছেন।

তিনি বলেন, বিলাল নিজেকে কিশোর পরিচয় দিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করতেন। তার সঙ্গে যোগাযোগের একপর্যায়ে অনেক কিশোরীই বিষয়টিকে প্রকৃত প্রেমের সম্পর্ক বলে মনে করত। কিন্তু পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তারা মানসিকভাবে ভেঙে পড়ে।

ম্যাকরব আরও বলেন, বিলালের নির্যাতনের শিকার অনেক কিশোরী দীর্ঘমেয়াদি মানসিক আঘাতের শিকার হয়েছে। তাদের ওপর এই নির্যাতনের প্রভাব দীর্ঘদিন ধরে রয়ে গেছে।

সিপিএস জানায়, চেশায়ার ও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের তদন্তে পাওয়া বিপুল তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তাদের সংগঠিত শিশু যৌন নিপীড়নবিষয়ক ইউনিট।

চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দলের গোয়েন্দা কনস্টেবল জর্জিয়া হিউজ বলেন, বিলালের অপরাধের ব্যাপকতার কারণে তদন্তটি ছিল অত্যন্ত বড় পরিসরের। এ জন্য বিপুল সম্পদ ও বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজন হয়েছে।

তিনি বলেন, বিলালের শিকার মেয়েরা ছিল অল্পবয়সি ও অসহায়। তাদের অনেকের কাছে বিলালের সঙ্গে যোগাযোগই ছিল প্রথম প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বিলাল তাদের বোঝাতেন, তার আচরণ স্বাভাবিক।

তার অপরাধের কারণে ভুক্তভোগীদের জীবনে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে। দাবি না মানলে বিলাল কী করবেন, সেই ভয়ে অনেকেই সব সময় আতঙ্কে থাকত। কারও কারও মধ্যে বছরের পর বছর সেই ভয় কাজ করেছে। জীবনের গুরুত্বপূর্ণ কৈশোরকাল তাদের কাছে যৌন নিপীড়নের মানসিক ক্ষত হয়ে রয়ে গেছে।

পুলিশ জানায়, প্রথম ভুক্তভোগী ১৩ বছর বয়সে স্ন্যাপচ্যাটে বিলালের সঙ্গে কথা বলা শুরু করে। সে বিশ্বাস করত, বিলালও তার সমবয়সি। তবে অল্প সময়ের মধ্যেই তাদের কথোপকথন যৌন বিষয়ে গড়ায়। বিলাল তাকে বিভিন্ন অনুপযুক্ত প্রশ্ন করতে থাকেন।

ব্রিটিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাইয়ে ওই কিশোরী বিলালকে জানায়, সে শুধু বন্ধু হিসেবে থাকতে চায় এবং আর কোনো ছবি পাঠাতে চায় না। এতে ক্ষুব্ধ হয়ে বিলাল তাকে গালাগাল করেন এবং দাবি করেন, ওই কিশোরী তার সম্পত্তি।

পরে আগের পাঠানো ছবি ও ভিডিও বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে নিজের দাবি মানতে বাধ্য করেন। ভয়ে ওই কিশোরী আবারও বিলালকে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য হয়।

এর কিছুদিন পর কিশোরীর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক হয়। বিলালকে পাঠানো ছবি ও ভিডিও তার বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়া হয়। ২০২১ সালের নভেম্বরে সে ডার্বিশায়ার পুলিশের কাছে অভিযোগ করে।

তদন্তে জানা যায়, বিলালের সর্বশেষ জানা ঠিকানা ছিল চেস্টারে। এ কারণে মামলাটি চেশায়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে জানা যায়, বিলাল যুক্তরাজ্য ছেড়ে চলে গেছেন। তবে ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে ফেরার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। প্রথম ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

চেশায়ার পুলিশ জানায়, তদন্তে বিলালের সম্ভাব্য ১৮০ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। তার ব্যবহৃত ডিভাইস থেকে উদ্ধার করা ইউজারনেম ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা তাকে শনাক্ত করেন।

পরে যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ বাহিনীর মধ্যে ২৮টির আওতাধীন এলাকায় ৭০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়। অপরাধের সময় তাদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে। শনাক্ত হওয়া প্রত্যেকের কাছে গিয়ে পুলিশ কর্মকর্তারা তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

তদন্তে আরও উঠে আসে, বিলাল একই কৌশলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরীদের টার্গেট করতেন। স্ন্যাপচ্যাট, রোবলক্স ও উইঙ্কের মতো প্ল্যাটফর্মে যোগাযোগ করে নিজেকে ‘রিস’ নামে এক শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিতেন।

অজ্ঞাতপরিচয় এক কিশোরের ছবি ব্যবহার করে দ্রুত মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতেন। একপর্যায়ে তাদের বিশ্বাস করাতেন, তার সঙ্গে তারা প্রকৃত প্রেমের সম্পর্কে রয়েছেন।

চেশায়ার পুলিশের গোয়েন্দা সার্জেন্ট রস পিল বলেন,  যারা মনে করেন, পর্দার আড়ালে থেকে পরিচয় গোপন করে অপরাধ করলেও তাদের নাগাল পাওয়া যাবে না, এ ঘটনা তাদের জন্য সতর্কবার্তা।

বিষয়:৩০ বছর জেল কিশোরী ব্ল্যাকমেইল ভারতীয় যুবক যুক্তরাজ্য যুক্তরাজ্য ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) বিশেষ কৌঁসুলি মার্টিন ম্যাকরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…