ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও তৎপরতা অব্যাহত রাখলে পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ‘ভূগোলের অংশ’ হয়ে থাকতে চায় নাকি ‘ইতিহাসে পরিণত’ হতে চায়, এমন প্রশ্ন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টার-এ ইউনিফর্ম আনভেইলড আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি এ মন্তব্য করেন। সেনা সংবাদ শীর্ষক ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছর অপারেশন সিঁদুর-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে।
জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হতে চায়।
ভারত ও দেশটির সামরিক বাহিনী সম্প্রতি অপারেশন সিঁদুর-এর প্রথম বার্ষিকী পালন করার কয়েকদিন পরই এ মন্তব্য করলেন তিনি। তার সংক্ষিপ্ত বক্তব্যে পাকিস্তানের প্রতি স্পষ্ট ও কঠোর বার্তা উঠে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত বছরের ৭ মে ভয়াবহ পাহেলগাম হামলার জবাবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) একাধিক কথিত সন্ত্রাসী অবকাঠামোয় নির্ভুল হামলা চালায় ভারতীয় বাহিনী।
পরবর্তীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করে। ভারতের পক্ষ থেকে পরবর্তী সব পাল্টা অভিযানের কার্যক্রমও ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পরিচালিত হয়।
পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী চলা সামরিক উত্তেজনার অবসান ঘটে গত ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পর।


