বাংলাদেশের সাথে সকল বিষয় নিয়ে “অনুকূল” পরিবেশে আলোচনা করতে আগ্রহী ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জোর দিয়ে বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক কাঠামোই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় মোকাবিলার সক্ষমতা রাখে।
দ্য হিন্দু জানিয়েছে, শুক্রবার (২৭ জুন) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা গঙ্গাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করি। এই বিষয়ে আলোচনা চালিয়ে নিতে দুই দেশের একটি যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে।
পাকিস্তান ও চীনের সাথে ত্রিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ যোগদানের বিষয়ে আরেকটি প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত প্রতিবেশীর উন্নয়নের ওপর ক্রমাগত নজর রাখে যা আমাদের স্বার্থ এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, প্রতিটি দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিজস্ব ভিত্তিতে দাঁড়িয়ে আছে। তবে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক পরিস্থিতিও আমরা বিবেচনায় নিই।








