আন্তর্জাতিক

তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন জয়সওয়াল

তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন জয়সওয়াল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব দেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করেন ‘হরিভূমি’ পত্রিকার সাংবাদিক কবিতা যোশী। তিনি জানতে চান, বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার পেছনে নয়াদিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের ভূমিকা রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ভারতের বক্তব্য কী।

জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন্তব্য দেশটির নিজস্ব বিষয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। তবে দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়।

গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

এরপর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

এদিকে, দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো অগ্রগতি আছে কি না, সংবাদ সম্মেলনে তা জানতে চান এক সাংবাদিক। জয়সওয়াল জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই।

রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়কে স্বাগত

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে ভারত। জয়সওয়াল বলেন, আদালতের রায় সম্পর্কে ভারত অবগত রয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে ভারত সমর্থন দিয়ে আসছে। এ লক্ষ্যে ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোতে পাঁচ ধাপে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি রাখাইন রাজ্যের উন্নয়ন প্রকল্পেও সমর্থন রয়েছে ভারতের।

গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনায় স্পষ্ট কিছু জানাল না ভারত

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়নের বিষয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আলোচনা ও সম্ভাব্য বৈঠক নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে।

বার্তা সংস্থা পিটিআইয়ের এক সাংবাদিক জানতে চান, চুক্তি নবায়ন না করার দাবির বিষয়ে ভারতের অবস্থান কী এবং এ নিয়ে দুই দেশের আলোচনার পরিকল্পনা রয়েছে কি না। অন্যদিকে, ঢাকায় ভারতীয় কর্মকর্তাদের অবস্থান এবং যৌথ নদী কমিশনের সম্ভাব্য বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত আসবে কি না, তা জানতে চান আরেক সাংবাদিক।

জবাবে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানি বণ্টনসংক্রান্ত বিষয় আলোচনার জন্য যৌথ নদী কমিশনই প্রতিষ্ঠিত মাধ্যম। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের স্বার্থ সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তবে ঢাকায় সম্ভাব্য বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তার কাছে হালনাগাদ তথ্য নেই বলে জানান তিনি।

দ্য হিন্দুর এক সাংবাদিক চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা উল্লেখ করে জানতে চান, নবায়ন সাময়িক হবে নাকি দীর্ঘমেয়াদি। প্রধানমন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত চুক্তি নবায়নে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক প্রয়োজন হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তবে এসব প্রশ্নেরও সরাসরি জবাব দেননি জয়সওয়াল। এ বিষয়ে নতুন করে বলার মতো কিছু নেই বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

বিষয়:গঙ্গা পানি বণ্টন চুক্তি তারেক রহমান নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা ইস্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…