চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপ ‘বি’ থেকে সেমিতে উঠেছে রানার্সআপ অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হাইভোল্টেজ ম্যাচ।
অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচে আরও একটা লড়াই আছে। সেটা পাকিস্তান বনাম ভারতের। এই লড়াইটা মোটেই ক্রিকেট মাঠের নয়। সেটা অনেকবেশি কূটনৈতিক, মর্যাদার, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক এক লড়াই। সেখানে ভারত হারলেই জিতবে পাকিস্তান।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। যদিও দেশটিতে পা রাখেনি টিম ইন্ডিয়া। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে নিজেদের দল পাঠায়নি ভারত। তাদের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। ভারত সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ খেলতেও পাকিস্তানে যাচ্ছে না।
ভারত যদি জেতে সেক্ষেত্রে মূল আয়োজক দেশ হয়েও ফাইনাল নিজেদের মাটিতে দেখতে পারবে না পাকিস্তান। ৯ মার্চের ফাইনাল চলে যাবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। যদি অস্ট্রেলিয়ার জয় হয়, ফাইনাল হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। দুবাইয়ের মাটিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তাই পাকিস্তানও ভীষণভাবে প্রাসঙ্গিক, পাকিস্তানজুড়ে আলোচনা চলছে এমনই।







