বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বোলারদের নাস্তানাবুদ করছে ভারত। উদ্বোধনীতে রোহিত শর্মা ও শুভমন গিলের ঝড়ো জুটিতে শতরান এসেছে, সেটিও মাত্র ১২ ওভারে। পরে রানচাকা দ্রুত ঘোরাচ্ছেন বিরাট কোহলিও।
মারকুটে ইনিংসে ৩২ বলে ফিফটি তুলে নিয়েছেন গিল। তার ইনিংসে ৩টি চার এবং ৪টি ছক্কার মার ছিল। ১২তম ওভারে পল ফন মিকেরেনের বলে মিডঅনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ৩২ বলে ৫১ রান করে।
স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড আগেই ভেঙেছেন, তাকে ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল অধিনায়ক রোহিত শর্মার। ছুটছিলেন সেদিকেই, কিন্তু পূর্ণতা দিতে পারেননি দারুণ ইনিংসটার। ৩৬ বর্ষী ভারত অধিনায়ক আউট হয়েছেন ৬১ রানে, খেলেছেন ৫৪ বল। ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার মার। ১৮তম ওভারে বাস ডে লেডের বলে ক্যাচ দিয়েছেন ডানহাতি তারকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে দুই ওপেনার হারিয়ে ২ উইকেটে ১৮৪ রান তুলেছে ভারত। ৪৭ বলে ৪৬ রানে বিরাট কোহলি এবং ২৩ বলে ২০ রানে শ্রেয়াস আয়ার ক্রিজে আছেন।







