আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ভারতে এসেছে নিউজিল্যান্ড। টানা বৃষ্টিতে ম্যাচের প্রথম চার দিনের খেলা পরিত্যক্ত হয়ে শঙ্কা জমে ছিল খেলাই না হওয়ার। পঞ্চম ও শেষদিনের খেলাও যথারীতি পরিত্যক্তই হল। পাঁচ দিনে কোনো বলই গড়ায়নি মাঠে, টসই তো হয়নি। তাতে ২৬ বছর পর কোনো বল খেলা ছাড়াই পরিত্যক্ত হল একটি টেস্ট ম্যাচ।
চতুর্থ দিন পর্যন্ত ম্যাচে কোনো বল হওয়ার আগে পরিত্যক্ত হওয়ার ঘটনা আছে তিনটি। ২০১৫ সালে বেঙ্গালুরুতে ভারত ও সাউথ আফ্রিকার ম্যাচে এমন হয়েছিল। একই বছর ঢাকায় বাংলাদেশ-সাউথ আফ্রিকার ম্যাচে এমন হয়। ২০১৬ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের ম্যাচে এমন ঘটেছিল।
সবশেষ কোনো টেস্ট ম্যাচে একটি বলও গড়ানো ছাড়া পরিত্যক্ত হওয়ার ঘটনা ছিল ১৯৯৮ সালে, ডানেডিনে। সেবার ভারত ও নিউজিল্যান্ডের মাঠে নামার কথা থাকলে একটি বলও না গড়িয়ে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এবার ঘটল কিউই-আফগান টেস্টে। টেস্ট ইতিহাসে যেটি অষ্টম এবং ১৯৯৮ সালের পর প্রথম ঘটনা।
ভারতের গ্রেটার নয়ডায় নিউজিল্যান্ড-আফগানিস্তানের খেলার কথা ছিল। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে কিউইদের পরের সিরিজ। একই তারিখে সংযুক্ত আরব আমিরাতে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলবে আফগানিস্তান।









