জিততে আরও ৩৩২ করতে হবে ইংল্যান্ডকে
সিরিজ সমতায় ভারতের প্রয়োজন ৯ উইকেট

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছেন, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৯৯ রানের বড় লক্ষ্যই দিয়েছে ভারত। তৃতীয় দিন শেষে জয়ের বন্দরে পৌঁছাতে ইংলিশদের বাকী আরও ৩৩২ রান, অবশ্য এক ব্যাটারকেও হারিয়েছে তারা। সিরিজে সমতায় ফিরতে চতুর্থ দিনে ভারতের প্রয়োজন ৯ উইকেট।
বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যশ্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৩৯৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে নেমে ২৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে রোহিত শর্মারা। ব্যাটে নেমে ১৪৩ রানের সাথে আরও ২৫৫ রান যোগ করে তৃতীয় দিন অলআউট হয় ভারত। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ৩৯৯ রান। লক্ষ্য তাড়ায় নেমে ১ উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড।
দ্বিতীয় দিন ২৮ রানে কোনো উইকেট না হারানো ভারত ৭৬ ওভার ব্যাট করে ২৫৫ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে শুভমন গিলের ব্যাট থেকে, সেঞ্চুরিসহ ১০৪ রান করেন এ ডানহাতি ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেলের থেকে।
ইংলিশেদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার টম হার্টলি, ৩ উইকেট পান ডানহাতি লেগস্পিনার রেহান আহমেদ। জেমস অ্যান্ডারসন ২টি ও শোয়েব বশির একটি উইকেট নেন।

৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট ভালো শুরু করেন। ওপেনিং জুটিতে আসে ৫০ রান। এরপর প্রথম আঘাত হানেন ডানহাতি স্পিনার রবীচন্দন অশ্বিন। দিনের খেলা ৩ ওভার বাকি থাকতে ২৭ বল খেলে ২৮ রান করা বাঁহাতি বেন ডাকেটকে ফেরান তিনি। এক উইকেট হারিয়ে ৬৭ রানে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। ২৯ রানে ক্রলি এবং ৯ রানে রেহান অপরাজিত থেকে চতুর্থ দিন খেলতে নামবেন।






