মালদ্বীপ ও নেপালকে হারিয়ে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ন্ত শুরুটা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে সেসব আনন্দকেও ছাপিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জয়। কারণ শক্তিশালী ভারতকে হারাতে পারাটা গর্বের বিষয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন লাল-সবুজ দলের ফরোয়ার্ড কৃষ্ণারাণী সরকার।
‘ভারত এশিয়ার অনেক শক্তিশালী দল। তাদের হারিয়ে বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত। আমরা ভারতকে হারিয়েছি এটাই মূল বিষয়। এজন্য আমরা সবাই উপরওয়ালার কাছে মাথা নত করেছি।’
আগের দুই ম্যাচে বাংলাদেশ মোট ৯ গোল করেছে। সেখানে একটি গোলও পাননি কৃষ্ণারাণী সরকার। তবে তাতে আক্ষেপ নেই এ ফরোয়ার্ডের। ভারতের বিপক্ষে গোল করাই তার লক্ষ্য ছিল বলে জানালেন তিনি।
‘আমি গত দুই ম্যাচে গোল পাইনি। দল জিতেছিল এতে আমি খুশি ছিলাম। আমার লক্ষ্য ছিল ভারতের বিপক্ষে গোল করা। আমি সেভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আজ নিজে গোল করেছি ও করিয়েছি। এজন্য খুব আনন্দ লাগছে।’
সিনিয়র পর্যায়ে ভারতের বিপক্ষে একাধিক হারের সাক্ষী কৃষ্ণা। সেই ভারতকে আজ তিন গোলে হারিয়েছে বাংলাদেশ। তাও আবার পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলে! এ বিষয়টাকে বেশ স্বস্তিদ্বায়ক বলছেন ২১ বর্ষী ফরোয়ার্ড। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি।
‘সিনিয়র পর্যায়ে আমরা অনেক খেললেও ফলাফল পাইনি। আজ সেটা বদলে দিয়েছি আমরা। ফলাফল পেয়েছি এবং ভালোও খেলেছি। আমাদের টিম কম্বিনেশন ভালো ছিল এবং আগামীতেও থাকবে।’







