ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টে বৃষ্টির বাঁধায় প্রথম দিন খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। প্রচণ্ড বৃষ্টির কারণে প্রথম দিন আর খেলা না গড়ানোয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিনে ৮ ওভার বেশি খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্রিসবেনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ১৩.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। এ সময় অস্ট্রেলিয়ার দুই ওপেনার ২৮ রান তোলে। ১৯ রানে উসমান খাজা এবং ৪ রানে নাথান ম্যাকসুয়েনি দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
প্রথম দিন ১৫ ওভারের কম খেলা হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া টিকিটের টাকা ফেরত দেয়ার কথা নিশ্চিত করেছে। স্থানীয় সময় ৪ টা ১৩ মিনিটে দিনের খেলা বন্ধ ঘোষণায় এবং আগামীকাল নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও মূলত চার দিনের টেস্ট ম্যাচ হবে। তবে পুরো সপ্তাহের আবহাওয়ার খরব ভালো নয়।
পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে ১-১ সমতায় রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ভারত বড় জয়ের পর দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।







