গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন পুড়ছে পুরো দেশ, তখন উত্তরপূর্বাঞ্চলের সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে। বাংলাদেশ-ভারতের মেয়েদের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দুদফা ভারী বর্ষণের পর ফলাফল হয় বৃষ্টি আইনে। তাতে ১৯ রানে এগিয়ে থেকে ম্যাচ জেতে সফরকারী দল। ৫ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল হারমানপ্রীত কৌরের দল।
বাংলাদেশের দেয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত ৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তোলার পর শুরু হয় তুমুল বৃষ্টি। দয়ালন হেমলতার ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস সফরকারীদের এগিয়ে রাখে ম্যাচে।
ইনিংসের দ্বিতীয় বলেই শেফালি ভার্মার উইকেট তুলে নেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। প্রথম বল মোকাবেলা করতে গিয়েই উইকেটের পেছনে জ্যোতির হাতে ক্যাচ দেন।
বাংলাদেশের ইনিংসেও হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্ষণমুখর সন্ধ্যায় হারের স্বাদ পেতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে।
লড়াকু সংগ্রহ করতে না পারা ও পাওয়ার প্লে’তে বেশি রান খরচ করাতে এই হার স্বাগতিকদের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৬ বলে ২টি চারে ১০ রান করে ফেরেন দিলারা আক্তার। আরেক ওপেনার মুর্শিদা খাতুন লড়েন ২০তম ওভার পর্যন্ত। তবে স্ট্রাইকরেট বাড়াতে পারেননি খুব একটা। ৪৯ বলে ৫টি চারে ৪৬ করে রান আউটের শিকার হন ১৯.১ ওভারে।
এর আগে তিনে নামা সোবহানা মোস্তারি ১৫ বলে ১৯ রান করে যান ৪টি চারে। পাওয়ার প্লে-তে ৬ ওভারে ২ উইকেটে ৪৩ রান তোলে বাংলাদেশ। তবে সে অনুযায়ী বড় সংগ্রহ গড়তে পারেনি।
রিতু মনি ১৮ বলে করেন ২০ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। স্লগে একের পর এক উইকেট হারিয়ে ২০ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সফরকারী দলের রাধা যাদব তিনটি উইকেট নিয়েছেন।







