আন্তর্জাতিক

খাইবার পাখতুনখাওয়ায় কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে আদালতে যাচ্ছে ইমরান খানের দল

খাইবার পাখতুনখাওয়ায় কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে আদালতে যাচ্ছে ইমরান খানের দল

পিটিআই-এর বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীর সংঘর্ষ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

রোববার প্রদেশটিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর মঙ্গলবার (১৩ অক্টোবর) এ বিষয়ে আদালতে আবেদন করার পরিকল্পনা রয়েছে দলটির।

সোমবার আল জাজিরাকে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আক্রাম জানান, দলের মহাসচিব সালমান আক্রাম রাজার নেতৃত্বে একটি আইনি কমিটি আবেদন প্রস্তুত করেছে। তবে কোন আদালতে আবেদন করা হবে, তা নিশ্চিত করেননি তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রদেশটিতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে পিটিআইয়ের দাবি, সরকারের এ পদক্ষেপ প্রাদেশিক স্বায়ত্তশাসনের ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ।

রোববার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করলে পিটিআইয়ের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রম স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।

এদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পদযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলের নেতারা।

ওয়াকাস আক্রাম বলেন, ‘দীর্ঘ পদযাত্রা শেষ হয়নি। তবে দলের বিরুদ্ধে ঐতিহাসিক দমন-পীড়ন শুরু হয়েছে।’

সরকারের দাবি, সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রাদেশিক সরকার যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তবে পিটিআই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলটির নেতাদের অভিযোগ, নিরাপত্তার অজুহাতে রাজনৈতিক উদ্দেশ্যে প্রদেশটির নিয়ন্ত্রণ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। আগের প্রান্তিকে এ সংখ্যা ছিল ৪৭৫।

বিশ্লেষকদের মধ্যে কেন্দ্রের এ পদক্ষেপের উদ্দেশ্য নিয়ে মতভেদ রয়েছে। কেউ একে নিরাপত্তা ও প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখন আদালতের লড়াই এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপর এ সিদ্ধান্তের ভবিষ্যৎ নির্ভর করছে।

বিষয়:খাইবার পাখতুনখাওয়া গভর্নর শাসন জারি পিটিআই সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…