আগাম জামিনের মেয়াদ শেষ হলেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা।
আনন্দবাজার জানায়, রবিবার রাতে তিনি আরও বলেন, ইমরানের বিরুদ্ধে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহ, হিংসা ও বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলা-সহ নানা অভিযোগে দু’ডজন মামলা দায়ের হয়েছে। জামিনের মেয়াদ শেষ হলে প্রাক্তন প্রধানমন্ত্রীর বানি গালার বাসভবনের সামনে মোতায়েন রক্ষীরাই তাকে গ্রেপ্তার করবেন।
গত ২৫ মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ‘আজাদি মার্চ’ শুরু হওয়া থেকে ইমরান বানি গালার বাড়ি ছেড়ে পেশোয়ারে ছিলেন। আজাদি মার্চের পরেই ইমরান চলে যান পেশোয়ারে। এ সময়ে ইমরান সহ পিটিআই নেতাদের নামে একাধিক মামলা দায়ের করা হয় ইসলামাবাদ থানায়। এরপরই তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পেশোয়ারের আদালত থেকে ২৫ জুন পর্যন্ত আগাম জামিন পেয়েছেন ইমরান। ওই সময়সীমা ফুরনোর আগে ইসলামাবাদ দায়রা জজ আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।








