ময়মনসিংহের ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও এক মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ইব্রাহিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকার বাসিন্দা এবং ওই মসজিদের ইমাম।
স্থানীয়দের ভাষ্য মতে, সোমবার রাত প্রায় ১০টার দিকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে তিনি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন বলে দাবি করেন স্থানীয়রা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ইব্রাহিমকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।







