আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।
আজ (১ জুলাই) বুধবার সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা জুলাইয়ের চেতনা ও গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছে।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের ন্যায়বিচারের প্রক্রিয়া এখনও কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে।
এনসিপির আহ্বায়ক বলেন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে রায় হয়েছে, তা যথেষ্ট নয়। একই সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান তিনি।
এর আগে দলটির নেতাকর্মীরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের গণকবরে শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।







