এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
সোমবার (১৩ জুলাই) রাতে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে কমিটি জানায়, একই দিন অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে আলোচনা ও অভিযোগ উঠেছে, সে বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হয়, তাহলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিতর্কিত দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।
এদিকে, বিষয়টি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।







