আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নিহত বেসামরিক পাইলটের পরিচয় প্রকাশ করেছে দেশটির সরকার। নিহত পাইলটের নাম ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামি। তিনি সৌদি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। এ হামলায় পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি সরকার নিহত পাইলটের পরিচয় প্রকাশ করে। এর আগের দিন বৃহস্পতিবার বিমানবন্দরের অবকাঠামো ও একটি যাত্রীবাহী বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এতে সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানও ধ্বংস হয়েছে।

সৌদিয়া এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই জরুরি পদক্ষেপ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। হামলার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না বলেও জানিয়েছে সংস্থাটি।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, হামলার পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে দুটি হামলা চালায় হুথিরা। প্রথম হামলায় বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় হামলায় একটি বিমানকে লক্ষ্য করে আঘাত হানা হয়। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় হামলাতেই পাইলট হামুদ আলি আলকালথামি নিহত হন।

বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা। এসব হামলায় গত সপ্তাহে সুদানের এক নাগরিকসহ বেশ কয়েকজন নিহত হন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর। অন্যরা সামান্য আহত হয়েছেন।

বিষয়:নিহত পাইলট পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দর সৌদি আরব হুথিদের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…