এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকা বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে সীমান্তের ১ হাজার ৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যান্স ল্যান্ড থেকে উদ্ধার করে। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
ধানুয়া কামালপুর বিজিবি সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে তাদের কাছে বৃদ্ধকে হস্তান্তর করা হবে। বর্তমানে তিনি বকশীগঞ্জ থানায় অবস্থান করছেন।
এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন। পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর তারা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।
বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।







