৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরেও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় তারা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর ধারাবাহিকতায় শনিবার রাতেও কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
রাত সাড়ে আটটা পর্যন্ত অবরোধ চলার পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রোববার সকালে নতুন করে বিক্ষোভ শুরু হলে আবারও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।





