অর্থনীতি

পোশাকশ্রমিকদের মজুরি সমস্যা সমাধানে ‘প্রথম পদক্ষেপ’, বুধবার প্রথম সভা

পোশাকশ্রমিকদের মজুরি সমস্যা সমাধানে ‘প্রথম পদক্ষেপ’, বুধবার প্রথম সভা

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বুধবার (৪ নভেম্বর)। ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা এদিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এবং বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যে বোর্ডের কার্যক্রম শুরু হওয়ায় সংকট সমাধানের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

বিজিএমইএ, ট্রেড ইউনিয়নের নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম সভার মধ্য দিয়ে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সভায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তারা। বুধবারই সভাটি অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

তিনি আরও বলেন, কারখানাগুলো চালু রাখার চেষ্টা চলছে। শিল্প ও শ্রমিকদের স্বার্থে ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক ইউনিয়ন নেতা জানান, বুধবার সভা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে জানানো হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।

এর আগে গত রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিষয়:পোশাক শ্রমিক মজুরি নির্ধারণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…