আইসিসির র্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রানের ফোয়ারা ছোটানো ভারতের ব্যাটার যস্বী জয়সওয়াল ১৪ ধাপ উপরে উঠেছেন। ইংলিশ ব্যাটার বেন ডাকেটের হয়েছে ১২ ধাপ উন্নতি। মাত্র চার টেস্টের ক্যারিয়ারেই দারুণ পারফরম্যান্সে ২৯ ধাপ এগিয়েছেন সাউথ আফ্রিকান ব্যাটার ডেভিড বেডিংহ্যাম।
টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার জয়সওয়াল রাজকোট টেস্টে হাঁকান ডাবল সেঞ্চুরি। ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা ১৫তম স্থানে চলে এসেছেন তরুণ তারকা। ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে ডাকেটও উঠেছেন। ১২ ধাপ এগিয়ে ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছেন, রাজকোট টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দেড় শতাধিক রানের ইনিংস খেলেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি পাওয়া বেডিংহ্যামে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন। প্রোটিয়া ক্রিকেটার ২৯ ধাপ এগিয়ে ৫০তম স্থানে এখন। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সাত ধাপ এগিয়ে ৩৪তম স্থানে এসেছেন। আট ধাপ এগিয়ে ৮৫তম স্থানে কিউই ব্যাটার উইল ইয়াং।
৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ অক্ষুণ্ণ রেখেছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন। সম্প্রতি বাংলাদেশ টেস্ট না খেললেও একধাপ এগিয়ে ২৫ নম্বরে এসেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।
টেস্ট ইতিহাসে ৫০০ উইকেটের মাইলফলকে পা রাখা অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন একধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন। শীর্ষে আছেন তার স্বদেশী পেসার জাসপ্রীত বুমরাহ।
সবচেয়ে বড় লাফটা দিয়েছেন রাচীন রবীন্দ্র। বোলিংয়ে ২১ ধাপ এগিয়ে ৯৪ নম্বরে এসেছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তার লাফটা আরও বড়। ৩১ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন কিউই অলরাউন্ডার। প্রোটিয়া ক্রিকেটার নেইল ব্র্যান্ড অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৫০ ধাপ উন্নতিতে ৭১তম স্থানে উঠে গেছেন। নয় ধাপ এগিয়ে ৯৬তম স্থানে তার স্বদেশি রুয়ান ডি সোয়াডর্ট।
ওয়ানডেতে ব্যাটিং র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে একাদশতম স্থানে লঙ্কান ক্রিকেটার পাথুম নিশাঙ্কা। আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই ৪৯তম স্থানে রয়েছেন। ১৩ ধাপ এগিয়ে ৯৬ নম্বরে নেদারল্যান্ডসের বাস ডে লেডে।
টি-টুয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে দুইয়ে লঙ্কান স্পিনার ভানিডু হাসারাঙ্গা। শীর্ষ অক্ষুণ্ণ রেখেছেন আদিল রশিদ। পাঁচ ধাপ এগিয়ে আট নম্বরে এখন আফগান পেসার ফজলহক ফারুকি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ ধরে রেখেছেন। তবে সাত ধাপ এগিয়ে আসা হাসারাঙ্গা ২৩৯ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার ক্রিকেটারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।







