বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে বড় শাস্তি দিয়েছে আইসিসি। তিনি জরিমানার সঙ্গে ৪ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তাতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা মিলেছে।
মিরপুরে গত শনিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে মাঠে মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন ভারত অধিনায়ক। হারমানপ্রীত আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত প্রদর্শন সংক্রান্ত আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ঘটনায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
ম্যাচের পরে পুরস্কার বিতরণীর মঞ্চে নানাধরনের অখেলোয়াড়ি আচরণের সঙ্গে হারমানপ্রীত করেন আম্পায়ারের কড়া সমালোচনা। তাতে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারত অধিনায়ক।
আইসিসির আইনে ২৪ মাসের মধ্যে কারও নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টুয়েন্টি নিষেধাজ্ঞায় পড়েন সংশ্লিষ্ট খেলোয়াড়। তিন ফরম্যাটের মধ্যে যে সিরিজটি আগে আসবে, সেটিতেই নিষেধাজ্ঞা কার্যকর হবে হারমানপ্রীতির।
হারমানপ্রীত অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির ম্যাচ রেফারি আখতার আহমেদের দেয়া নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন। এর প্রেক্ষিতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে শাস্তির কথা জানাল আইসিসি।







