এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপিকে সত্যিকার অর্থেই একটি আধুনিক ও গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এমন একটি দল হিসেবে বিএনপিকে গড়ে তুলতে চাই, যা ভবিষ্যতে সক্ষমতার সঙ্গে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও প্রেরণা বিএনপির পথচলায় সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। তার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বারবার এগিয়ে গেছে।
তিনি বলেন, খালেদা জিয়ার ত্যাগ ও রাজনৈতিক আদর্শকে সামনে রেখে বিএনপিকে আরও শক্তিশালী ও আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে হবে। আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই, যা সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বিএনপি সরকার গঠন করায় দেশের মানুষের প্রত্যাশা বেড়েছে। খালেদা জিয়ার রাজনৈতিক নীতি, তার ঘোষিত ‘ভিশন ২০৩০’ এবং পরবর্তীতে দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আগামী দিনে কাজ করবে বিএনপি।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।








