জয়পুরহাটে স্ত্রী হত্যার ২১ বছর পর স্বামী জয়মুদ্দিন জদ্দির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার ১২ জুন দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আব্বাস উদ্দীন এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
জয়মুদ্দিন আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের মৃত কোকরা সাখিদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে জইমুদ্দিনের সঙ্গে তার স্ত্রী আনোয়ারার পারিবারিক বিষয় নিয়ে প্রায় ঝগড়া হত। ২০০২ সালের ১৯ আগস্ট সন্ধ্যার দিকে তাদের আবারও ঝগড়া হয়। সেই রাতের কোনো এক সময় গাছের ডাল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে হত্যা করে একটি পুকুরে লাশ ফেলে দেন জইমুদ্দিন। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে আনোয়ারার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে।
এঘটনায় ওইদিনই আক্কেলপুর থানায় মামলা করেন নিহতের ভাই আ. রহমান। এরপর একই বছরের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
আদালতের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। পরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০২ ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আসামি বর্তমানে পলাতক রয়েছে।







