বিরল প্রতিভা নিয়ে অভিনয়ের সব মাধ্যমে যেসমস্ত গুণীজন অতীতে দাপট দেখিয়েছেন, হুমায়ূন ফরীদি তাদের অন্যতম। খ্যাতিমান এই মানুষটির ৭২তম জন্মদিন বুধবার। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্ম নিয়েছিলেন তিনি।
ক্ষণজন্মা এই অভিনয়শিল্পীর জন্মদিনের সন্ধ্যায় চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় বসছে তার স্মরণ অনুষ্ঠান। মূলত তাকে নিয়ে প্রকাশিতব্য বই ‘হুমায়ূন ফরীদি: সাধারণ এক অসাধারণ’ এর মোড়ক উন্মোচন।

বইটির প্রচ্ছদ করেছেন ফরীদির ঘনিষ্ঠ বন্ধু কিংবদন্তী অভিনেতা আফজাল হোসেন। বইটি সম্পাদনা করেছেন আহমেদ রেজাউর রহমান। বইটিতে হুমায়ূন ফরীদিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যারা ছিলেন ফরীদির কাছের মানুষ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন বাচ্চু, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, অভিনেত্রী ফেরদৌসি মজুমদার থেকে শুরু করে জয়া আহসান, আফরান নিশোসহ অনেকের লেখা আছে এতে।






