বিনোদন

মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির প্রতিটি ফোঁটায় মিশে আছেন হুমায়ূন আহমেদ

আমার হুমায়ূন

মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির প্রতিটি ফোঁটায় মিশে আছেন হুমায়ূন আহমেদ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কদমফুল নিশ্চিত ভীষণ ভালবাসতেন। লেখক অথচ ফুল ভালবাসেন না, তা হতেই পারে না। না হয় তার গান-নাটকে কেন কদমফুলের প্রসঙ্গ বারবার এসে যেত। হুমায়ূন আহমেদ লিখেছিলেন-‘যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি/কদম গুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে, জলভরা মাঠে নাচিব তোমারে নিয়ে/।’

ঠিক যেন বর্ষার কোন এক বিকেলে লেখক তার প্রেমিকার খোঁপায় কদমফুল ‍গুজে দিচ্ছেন আর জলভরা মাঠে নেচে যাচ্ছেন।

সাধারণত বর্ষার পূর্ণ যৌবনে আষাঢ়-শ্রাবণ মাসে কদম ফোটে। সুতরাং বর্ষা, বৃষ্টি, মেঘলা আকাশ, গৌধুলী, সন্ধ্যা, নিশিরাত—এগুলো ভালোবাসাই স্বাভাবিক। প্রকৃতির এ অপার সৌন্দর্যের মাঝেই তিনি খুঁজে পেতেন মহা আনন্দ।

সাধারণ মানুষের হৃদয়ের গভীরে জমে থাকা যে অনুভূতি, যে অব্যক্ত কথাটি প্রকাশের ভাষা খুঁজে পাওয়া যায় না, লেখক যেন অনায়াসেই তা বলে দিতে পারেন। এখানেই একজন লেখকের অনন্যতা। তিনি মানুষের মনের এমন সব অনুভূতিকে ভাষা দেন, যা মানুষ নিজেও কখনো ঠিকভাবে বুঝে উঠতে পারে না। সেই অর্থে লেখক সৃষ্টির এক অনন্য মানুষ।

হুমায়ূন আহমেদ ছিলেন তেমনই একজন। তার চিন্তা, সৃষ্টি ও জীবনবোধের সর্বত্র ছড়িয়ে ছিল প্রেম, সৌন্দর্য ও নান্দনিকতা। হয়তো সে কারণেই প্রিয় নুহাশপল্লীতে তিনি নির্মাণ করেছিলেন ‘বৃষ্টি বিলাস’ নামের বাংলো। তার নানা সৃষ্টিতেও বৃষ্টি, প্রকৃতি ও বর্ষার আবহ বারবার ফিরে এসেছে। গানের কথায়ও যেন সেই আকুলতার প্রকাশ ঘটেছে, ‘যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষা।’

সাড়ে চারশ বছরের প্রাচীন ঢাকা নগরীতে যখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে কিংবা মেঘে মেঘে যখন আকাশ ঢেকে যায়, তখন হুমায়ূন আহমেদের গান শুনে হৃদয় ভেজানোর সুযোগ হাতছাড়া করা যেন একধরনের অতৃপ্তি। এ বছর ‘নভেম্বরের রেইন’ দেখেছে বাংলাদেশের মানুষ। এমন এক বৃষ্টিমুখর সময়ে হুমায়ূন আহমেদের গান যেন অন্য রকম এক মায়াবী আনন্দ নিয়ে আসে। মনে হয়, বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে মিশে আছে তার সৃষ্টির কোনো না কোনো অনুভূতি।

মেহের আফরোজ শাওনের অভিমান ভাঙানোর জন্য প্রয়াত হ‌ুমায়ূন আহমেদ লিখেছিলেন ‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়’। লেখকের ৭৩তম জন্মবার্ষিকীতে স্ত্রী উপহার দিলেন গানটির দ্বিতীয় অধ্যায়। গানের কথাগুলো এমন- ‘একটু পরে নামিবে আঁধার, বেলাও ফুরিয়ে যাবে/ সত্যি কি তুমি আমার নৃত্যের সাথী হবে’।

গানটির দৃশ্যধারণের স্থান হুমায়ূন আহমেদের সমাধি। সমাধির চারপাশে লেখকের স্ত্রী শাওনের আকুল অভিব্যক্তি অসম্ভব সুন্দরভাবে ধরা পড়েছে। দৃশ্যটি দেখতে দেখতে মনে হচ্ছিল, নুহাশপল্লীতে বুঝি এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামছে। ঢাকার আকাশের মতো সেখানেও মেঘ জমেছে। মনে হচ্ছিল, বৃষ্টিমুখর কোনো মন খারাপের দিনে হয়তো এমন করেই গানটি লিখেছিলেন হুমায়ূন আহমেদ। তার গানের কথায় যে বিরহ, অপেক্ষা আর ভালোবাসা মিশে আছে, তা যেন দৃশ্যটির সঙ্গে আরও গভীরভাবে মিশে যায়।

কিংবদন্তি হুমায়ূন আহমেদের অসংখ্য সৃষ্টির মধ্যে পাঠক ও শ্রোতা হিসেবে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে তার গানগুলো।

‘মরিলে কান্দিস না আমার দায় রে যাদুধন’ গানটি কতবার শুনেছি, তার হিসাব নেই। ২০০৮-০৯ সালের দিকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কথা মনে পড়ে। সেখানে দেখা যায়, মেহের আফরোজ শাওন গানটি গাইছেন আর হুমায়ূন আহমেদ হাত-পা ও শরীরী অভিব্যক্তিতে গানের সঙ্গে নিজেকে মেলে ধরছেন। তার অভিব্যক্তি দেখে মনে হয়, গানটির কাছে তিনি নিজেও কতটা আবেগাপ্লুত, কতটা অসহায়। যে গান স্রষ্টার নিজের হৃদয়কেই এভাবে আলোড়িত করে, সেই গানের কাছে শ্রোতা কীভাবে স্থির থাকবেন!

আমার ভালো লাগার তালিকায় দ্বিতীয় গানটি ‘যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষা‘। মনে হয়, এই একটি গানেই পৃথিবীর সমস্ত বিরহ, অপেক্ষা ও ভালোবাসার আবেগ ঢেলে দিয়েছেন হুমায়ূন আহমেদ। প্রকৃতি, প্রেম ও অনুভূতির এক অনন্য জগৎ নির্মাণ করেছিলেন কবি জীবনানন্দ দাশও। বৃষ্টি ও প্রকৃতির সঙ্গে মানুষের অন্তর্গত আবেগের যে গভীর সম্পর্ক, তা তাঁর কবিতায় অসাধারণভাবে ফুটে উঠেছে। জীবনানন্দ যেমন লিখেছিলেন, ‘বৃষ্টির রূপালি জল কতদিন এসে ধুয়েছে আমার দেহ/ বুলায়ে দিয়েছে চুল/ চোখের উপরে তার শান্ত-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে আবেগের ভরে/ ঠোঁটে এসে চুমা দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে।’

জীবনানন্দের কবিতার মতোই হুমায়ূন আহমেদের ওই গানেও প্রকৃতি ও প্রেম মিশে তৈরি হয়েছে এক গভীর আবেগের জগৎ। একাকি সময়ে জীবনানন্দের কবিতাগুলো যেমন পড়ি, কখনো নিজেই আবৃত্তি করি। আবার বৃষ্টির দিনে, মেঘাচ্ছন্ন আকাশ কিংবা সন্ধ্যা ঘনিয়ে আসার ঠিক আগে হুমায়ূন আহমেদের গান শুনার উপযুক্ত সময় মনে হয়।

কখনো কানে বাজে তার আরেকটি গান, ‘কাঁদিছে আমার মন শ্রাবণের অঝোর ধারায়/ তুমি যে আছ কোথায়, কোন ঠিকানায়! কোমল ও শ্যামল ও ছায়/ পাব কি আমি তোমায়!’ গানগুলো যেন কেবল কানে শোনা হয় না, হৃদয়ের গভীরেও বৃষ্টি নামিয়ে যায়।

সঙ্গীতের মহিমা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে যেন আজও বেঁচে আছেন লেখক হুমায়ূন আহমেদ। তার সৃষ্টি, তার গান আর মানুষের অনুভূতিতে তিনি থাকবেন অনন্তকাল।

বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ। তার নাটক নিয়ে নতুন করে বলার কিছু নেই। অনেকের কাছে ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের চেয়েও নাট্যকার হুমায়ূন আহমেদের পরিচিতি যেন আরও বিস্তৃত। তার নাটকের সংলাপ মানুষের মুখে মুখে ফিরেছে, এখনো ফেরে। হয়তো আরও অনেক দিন ফিরবে। তার সংলাপের বিশেষত্ব ছিল, খুব সাধারণ কথার মধ্যেও অসাধারণ জীবনবোধ ও মানবিক অনুভূতি প্রকাশের ক্ষমতা।

ব্যক্তিগতভাবে হুমায়ূন আহমেদের একটি উপন্যাসই পড়ার সুযোগ হয়েছে। জীবনের শেষ দিকে লেখা উপন্যাস ‘দেয়াল’। সেটা অন্য  আলোচনা। তবে তাঁর গান, নাটক কিংবা সাহিত্যের অন্য সৃষ্টি নিয়ে যতবার ভেবেছি, ততবারই মনে হয়েছে, হুমায়ূন আহমেদ আসলে একক কোনো পরিচয়ে সীমাবদ্ধ নন। তিনি কখনো গল্পকার, কখনো নাট্যকার, কখনো গীতিকার; আবার কখনো বৃষ্টিভেজা কোনো বিকেলের একান্ত অনুভূতির নাম। তার সৃষ্টির এই বহুমাত্রিক সৌন্দর্যই তাকে পাঠক-শ্রোতার হৃদয়ে অনন্য করে রেখেছে।

১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী। বরেন্য এ জাদুঘরের প্রতি বিনম্র শ্রদ্ধা।

বিষয়:আমার হুমায়ূন কদমগুচ্ছ গুঁড়ি বৃষ্টি দেয়াল নন্দিত কথাসাহিত্যিক প্রকৃতির অপার সৌন্দর্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…