মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিমকোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন থেকে অবিলম্বে সুপ্রিমকোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
রোববার (৩ মে) সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, গত চার মাস ধরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের এজলাস ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আদালত কক্ষ হচ্ছে একটি পাবলিক প্লেস। যেখানে বিচার কাযক্রম সর্ব সাধারণের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকে। তাই আদালতের কার্যক্রম পর্যবেক্ষণকে ও সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়া কেবল পেশাগত প্রতিবন্ধকতা নয়, বরং এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদ প্রদত্ত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
মানববন্ধনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।








