আন্তর্জাতিক

আবাসন সংকট: হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল স্পেন

আবাসন সংকট: হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল স্পেন

ছবি: মাদ্রিদের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ (সংগৃহীত)।

আবাসন সংক্রান্ত জরুরি আইন পাস করতে সরকারের ব্যর্থতার পর, ভাড়াটিয়াদের সুরক্ষার দাবিতে পুরো স্পেন জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে প্রায় ৫০টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ভ্যালেন্সিয়া টেন্যান্টস ইউনিয়নের এক মুখপাত্র বলেন, “রাজপথে তীব্র ক্ষোভ বিরাজ করছে।” ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

শুক্রবার বামপন্থি জোট সরকারের প্রস্তাবিত আবাসন আইন কংগ্রেসে প্রত্যাখ্যাত হওয়ার পরদিনই এ বিক্ষোভ হয়।

উচ্চ হারে ভাড়া বৃদ্ধির পর বাড়ি ভাড়া দিতে না পারা ৮৭ বছর বয়সি মারিকারমেন আবাসকালকে গত মাসে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এ ঘটনার পর আইনটি প্রস্তাব করেছিল সরকার।

ওই উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে স্পেনজুড়ে বিক্ষোভ শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে ফ্ল্যাটের মালিক কোম্পানি উরবাগেস্তিয়ন কম ভাড়ায় তাকে আবার ওই ফ্ল্যাটে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করে। তবে তাতেও বিক্ষোভ থামেনি।

কম ভাড়া, উচ্ছেদ বন্ধ এবং বিনিয়োগ তহবিলের (সরকারের ভাষায় শকুন তহবিল) সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছেন বিক্ষোভকারীরা।

শনিবার পূর্ব উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ায় শিল্পকলা কেন্দ্র পালাউ দে লেস আর্টস রেইনা সোফিয়ার কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে একটি আবাসন সম্মেলন চলছিল।

স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড সরিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পুলিশ জবাবে রাবার বুলেট ছোড়ে।

ছবি: ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারী ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ (সংগৃহীত)।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, সংঘর্ষে নয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে মাদ্রিদের টেন্যান্টস ইউনিয়নের দাবি, বিক্ষোভে ৫ লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে এ সংখ্যা ৭০ হাজার।

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘ভাড়াটিয়া শোষকদের জন্য কোনো শান্তি থাকবে না’ এবং ‘আমি ভবিষ্যতের জন্য পড়াশোনা করি, ছোট্ট একটি অ্যাপার্টমেন্টের জন্য নয়’।

এসময় তারা হাতে থাকা চাবি ঝাঁকিয়ে স্লোগান দেন, ‘পুরো শহরের চাবি আমাদের হাতে।’

বিক্ষোভকারীদের কেউ কেউ শহরের অন্যতম প্রধান চত্বর পুয়ের্তা দেল সলেও কয়েক দিন ধরে অবস্থান নিয়েছিলেন।

বিক্ষোভের আগে ডেভিড নামের এক ব্যক্তি আরটিভিইকে বলেন, “আমরা আনন্দ বা স্বাচ্ছন্দ্যের জন্য এখানে আসিনি। আমরা বিশ্বাস থেকে এখানে এসেছি।”

২৬ বছর বয়সি গ্রন্থাগারকর্মী মার্কোস সাইন্স বলেন, আগে তিনি বন্ধুদের সঙ্গে দুই বেডরুমের একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকতেন। এজন্য মাসে ৯০০ ইউরো ভাড়া দিতেন। এখন একটি এক বেডরুমের ফ্ল্যাটের ভাড়াই প্রায় ১ হাজার ইউরো।

ভাড়া বৃদ্ধি বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কেউ পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করার সাহস না করা পর্যন্ত তিনি আন্দোলন করবেন। নয়তো সবাইকে মাদ্রিদ ছেড়ে যেতে হবে।

আবাসন সংকট নিয়ে শুক্রবার কংগ্রেসে দুটি ডিক্রি উত্থাপন করেছিল পেদ্রো সানচেজ নেতৃত্বাধীন জোট সরকার।

প্রথম ডিক্রিতে ২০৩০ সাল পর্যন্ত ঝুঁকিতে থাকা ভাড়াটিয়াদের উচ্ছেদ স্থগিত রাখা, ২০২৮ সালের আগে শেষ হতে যাওয়া ভাড়ার চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো, পর্যটন অ্যাপার্টমেন্টের ওপর কর বৃদ্ধি এবং কথিত ‘শকুন তহবিল’ এর সম্পত্তি কেনায় বিধিনিষেধের প্রস্তাব ছিল।

দ্বিতীয় ডিক্রিতে ভাড়ার চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের বিষয়টি রাখা হয়েছিল। এটি বামপন্থিদের অনেকের পাশাপাশি টেন্যান্টস ইউনিয়নের অন্যতম প্রধান দাবি।

তবে এমপিরা ১৭৮-১৭২ ভোটে প্রথম ডিক্রিটি প্রত্যাখ্যান করেন। দ্বিতীয় ডিক্রির বিরুদ্ধেও ১৮৪-১৬৬ ভোট পড়ে।

রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ও উগ্র ডানপন্থি ভক্স আগেই জানিয়েছিল, তারা দুই উদ্যোগেরই বিরোধিতা করবে। ফলে সংখ্যালঘু সরকারের জন্য প্রস্তাব পাস করতে কাতালোনিয়া ও বাস্ক কান্ট্রির ছোট জাতীয়তাবাদী দলগুলোর সমর্থনের প্রয়োজন ছিল।

কিন্তু পার্লামেন্ট অধিবেশনের আগের দিন মধ্য-ডানপন্থি ও স্বাধীনতাপন্থি টুগেদার ফর কাতালোনিয়া (জেএক্সক্যাট) উভয় আইনের বিরোধিতা করার ইঙ্গিত দেয়। ফলে সরকারের প্রস্তাব দুটি পাস হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

আবাসন নিয়ে বিক্ষোভ প্রশমিত করতেই সানচেজ নেতৃত্বাধীন জোট সরকার দ্রুত এই ডিক্রি আইনগুলো তৈরি করেছিল।

এদিকে ব্যাংক অব স্পেনের হিসাবে, চাহিদা ও নতুন নির্মাণের ব্যবধান বিবেচনায় দেশটিতে প্রায় ৭ লাখ বাড়ির ঘাটতি রয়েছে।

জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএনইর ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশটিতে বাড়ির দাম বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।

রিয়েল এস্টেট কোম্পানি আইডিয়ালিস্তার হিসাবে, আবাসন সংকটের কারণে ২০২৫ সালে ভাড়া বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। শুধু মাদ্রিদেই ভাড়া বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ।

আইডিয়ালিস্তার হিসাবে, স্পেনে বাড়ি ভাড়ার ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল শহর বার্সেলোনা ও মাদ্রিদ। সেখানে প্রতি বর্গমিটারে ভাড়া যথাক্রমে ২৩ দশমিক ৮০ ইউরো ও ২২ দশমিক ৭০ ইউরো।

বিষয়:আবাসন সংকট উত্তাল স্পেন বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…